প্রশাসক কাইয়ুম চৌধুরী সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষ সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুরে সিসিকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে সাধারণ মানুষ অনেক কিছু প্রত্যাশা করে।

দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সরকারি বিধিবিধান ও আইনকানুন সম্পর্কিত জ্ঞান থাকা প্রত্যেক কর্মকর্তার জন্য আবশ্যক। কেবল চাকরি বা পরীক্ষা পাসের জন্য নয়, বরং নিজের পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে এ প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা এবং প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।