শিশু নির্যাতন ও বলাৎকারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৃত মানুষের মর্যাদা রক্ষায় আউলিয়ায়ে কেরামের মানবিক শিক্ষা অনুসরণের আহ্বান জানিয়েছেন হাফেজ মাওলানা মুফতি শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান (মা.জি.আ.)। তিনি বলেন, আল্লাহর ওলিগণ ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেছিলেন, তাদের কাছে শিশুরাও নিরাপদ ছিল, ইসলাম ন্যায়বিচার, মানবিকতা ও আমানতদারির শিক্ষা দেয়। শিশুদের ওপর যৌন নির্যাতন, বলাৎকার ও শারীরিক-মানসিক নিপীড়ন গুরুতর অপরাধ। ধর্মীয় পরিচয় বা প্রাতিষ্ঠানিক মর্যাদার অজুহাতে কোনো অপরাধ আড়াল করা যাবে না। অভিযোগ উঠলে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচার করতে হবে। মঙ্গলবার মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ্ আহ্সানুল্লাহ (রহ.)-এর ১০১তম ইসালে সাওয়াব মাহফিল ও মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠিত লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসার কোরআনে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত শাহ্ আহ্সানুলাহ (রহ:) ওয়াকফ্ এস্টেটসের অষ্টম মুতাওয়ালি হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (রহ.)’র ছোট সাহেবজাদা বর্তমান গদ্দীনশীন পীরসাহেব হাফেজ মাওলানা মুফতি শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান (মা.জি.আ.)। এ সময় মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত কেবলা শাহ মুহাম্মদ আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জীবন, ঐতিহ্য এবং বৃটিশ ভারতের মুসলমানদের কল্যাণে তার অবদান নিয়ে দলিলভিত্তিক গবেষণা ও ঐতিহাসিক তথ্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। দিনব্যাপী মশুরীখোলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ মাহফিল, কোরআন খতমসহ নানা কর্মসূচি পালন করা হয়। দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল কুদ্দুস ও শিক্ষক মাওলানা নিয়ামুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে আলোচনা করেন হযরত কেবলার খলিফার দরবারের প্রতিনিধিগণ, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সভাপতি ড. সৈয়দ শাহ এমরান, হযরত কেবলা শাহ আহসানুল্লাহ (রহ.) কমপ্লেক্সের সভাপতি শাহ মোহসেনুজ্জামান, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরেণ্য ইসলামী আলোচক পীরে তরিকত আল্লামা হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ আশেকী, বেতাগী আস্তানা শরীফের পীর সাহেব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সহ-অধ্যাপক মাওলানা আবুল বাশার, মুদাররিস মাওলানা মাকসুদুল হাসান আল আবেদী, মশুরীখোলা শাহ সাহেববাড়ি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মাঈনুদ্দিন হেলাল, মশুরীখোলা আনজুমানে আহসানিয়ার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, ঘরগাঁও দরবার শরীফের শাহজাদা মাওলানা আহসান আব্দুল্লাহ। জিকির মাহফিল পরিচালনা করেন, নিজ পানুয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ বদরুল কামাল।
