আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

সাবেক এমপি রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ফন্ট সাইজ:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ায় মামলা দু’টি দায়ের করা হয়। দুদকের এজাহার অনুযায়ী, আবদুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানে রউফের নামে এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে মোট ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া তার ঋণের পরিমাণ ২৩ লাখ ৩১ হাজার ৭১২ টাকা।

পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য ব্যয় মিলিয়ে তার ব্যয় হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৪৫৩ টাকা। এসব হিসাব পর্যালোচনায় তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ৩৯ লাখ ৬৫ হাজার ৮২৮ টাকা। অন্যদিকে, জান্নাতুনের নামে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ২৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ২৯২ টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৫৪ লাখ ৬৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, সংসদ সদস্য থাকাকালে রউফ নিজের পদ-পদবি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ দিয়ে স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় এবং রউফের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহার অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে ২০২৫ সালের ২৬শে আগস্ট পর্যন্ত সময়ের সম্পদ, আয় ও ব্যয়ের তথ্য পর্যালোচনা করে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধান শেষে গত ১৩ই অক্টোবর দুদকের প্রধান কার্যালয় মামলা দায়েরের অনুমোদন দেয়। এজাহারে আরও বলা হয়েছে, মামলার তদন্তে নতুন কোনো সম্পদের তথ্য কিংবা অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তা তদন্তের আওতায় আনা হবে।