একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর ও মন্দিরঘোনা গ্রামের নেতাই নদীর দুই পাড়ের লক্ষাধিক মানুষ। নদী পারাপারে ঝুঁকি, শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি, জরুরি চিকিৎসাসেবা গ্রহণে প্রতিবন্ধকতা মিলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এমনকি সেতুর অভাবে সামাজিক সম্পর্ক ও বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও পড়ছে বিরূপ প্রভাব।
এমন অবস্থায় নেতাই নদীর মন্দিরঘোনা ঘাটপাড় এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে গতকাল বিকালে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আনিসুজ্জামান, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, প্রবাসী বাবুল মিয়া, মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
