‘আইফোন ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা’

ফন্ট সাইজ:

 হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেক মিয়া (২২) নামের এক তরুণের গলাকাটা গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে লাশটি উদ্ধার করা হয়। নিহত তারেক নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। এই ঘটনায় অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। একটি আইফোনের লোভে বন্ধুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত বুধবার (২১শে অক্টোবর) রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে লাখাইয়ের ফুলবাড়িয়া গ্রামের সুরের রহমানের বাড়িতে আসেন তারেক ও সাহেল। কাজ করার একপর্যায়ে তারেকের ব্যবহৃত ‘আইফোন ১১’ সেটটির প্রতি সাহেলের লোভ জন্মায়। এর জেরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সাহেল কৌশলে বন্ধু তারেককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে লাশটি গুম করার উদ্দেশ্যে পাশের ডোবায় ফেলে পালিয়ে যায়।

এদিকে তারেক বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ ডায়েরি) করা হয়। জিডির সূত্র ধরে প্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের সাহায্যে অভিযান চালিয়ে নবীগঞ্জ থানা-পুলিশ অভিযুক্ত সাহেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সাহেল আইফোনের লোভে তারেককে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে।