চট্টগ্রামের দু’টি আলোচিত হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে বাকলিয়া থানার হত্যা মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের ৩০শে মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দু’জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটির তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত ২৯শে জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
