ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৬) নামের এক মাদকাসক্ত পলাতক রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবেন্দ্র জেলার ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া থেকে ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম নেশার জন্য প্রায়ই রবেন্দ্র’র কাছে টাকা চাইতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেয়া এবং চুল না কেটে দেয়াকে কেন্দ্র করে সাদ্দামের ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করে।
মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাদ্দাম। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী সূচিত্রা বলেন, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেয়া এবং চুল কাটতে না দেয়াকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করে। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তার অভিযোগ, ওই বিরোধের জেরেই তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
