সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালির মানববন্ধন

ফন্ট সাইজ:

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মানববন্ধন করেছেন হাজারো মানুষ। বুধবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা সুন্দরবনে অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ, জিম্মি জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান।

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহ। জীবিকার তাগিদে প্রতিদিন অসংখ্য জেলে ও বাওয়ালি সুন্দরবনের নদী-খালে যান। তবে বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক তাদের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, উপকূলের হাজারো পরিবারের জীবন-জীবিকার অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা যাতে জীবিকার সন্ধানে বনে যেতে আতঙ্কিত না হন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে আয়োজক কমিটির পক্ষে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন লিটন। এ ছাড়া বক্তব্য দেন মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, নারী ইউপি সদস্য ফরিদা পারভীন ও আশিকুর রহমান। মানববন্ধনে অংশ নেয়া জেলে ও বাওয়ালিরা সুন্দরবনে নিরাপদে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তাদের দাবি, সুন্দরবনকে দস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।