অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার বুইকারা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

নির্যাতিত স্কুলছাত্রীর বাবা মামলার বাদী জানান, তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। গত সোমবার দুপুরে স্কুলে টিফিনের সময় স্কুলের পাশে বাথরুমে যায়। ওই সময় শিক্ষক ইমরান বাথরুমে ঢুকে তাকে ধর্ষণ করেন। এতে তার রক্তাক্ত জখম হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়ায় আমার মেয়ে ভয়ে ক্লাসে না গিয়ে বাড়িতে চলে আসে। পরদিন মঙ্গলবার সকালে ভুক্তভোগী তার মাকে জানায়, শিক্ষক তাকে ধর্ষণ ও নির্যাতন করেছে। পরে রক্তাক্ত জখম দেখে ভুক্তভোগীর মা বিষয়টি তাকে জানালে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়। অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।