বিদ্যুৎ বিপর্যয়-

পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড

ফন্ট সাইজ:

বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
প্রধান প্রকৌশলী (অতিঃ দায়িত্ব), সঞ্চালন-২ এর সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে বলে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে।
সংস্থাটি এর আগে জানিয়েছে, দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় গ্রিডের রিস্টোরেশন কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। বর্তমানে বিদ্যুতের সকল গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্রসমূহ চালু রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রসমূহ পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে যাবে। অনাকাঙ্খিত বিদ্যুৎ বিচ্যুতির কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
মঙ্গলবার পৌনে ১টার দিকে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে এসব এলাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।