সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

দাবি হুতিদের

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী শত্রু সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হেনেছে।’
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ছাড়া সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবিও করেছে হুতিরা। হরমুজ প্রণালির পশ্চিমে পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শোধনাগারটি।
ইয়াহিয়া সারি বলেন, শোধনাগারটি লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর কয়েক মাস পর, গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।