গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়াকৈর এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে ওই রোডে অবস্থিত কয়েকটি কারখানা পরিস্থিতি শান্ত রাখতে ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। সেখানে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। তারা সবাইকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।’
