মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে যুদ্ধবিরতি শুরু, কয়েক ঘণ্টা আগেই কিয়েভে রাশিয়ার হামলা

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে যুদ্ধবিরতি শুরু, কয়েক ঘণ্টা আগেই কিয়েভে রাশিয়ার হামলা

ফন্ট সাইজ:

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মঙ্গলবার ভোরে একটি যুদ্ধবিরতি শুরু হয়েছে। মানবিক সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

কিয়েভের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দনিপ্রো নদীর ওপর অবস্থিত সাউদার্ন ব্রিজে চালানো এই হামলায় একজন নিহত ও আটজন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সামরিক স্থাপনা না থাকা সত্ত্বেও অত্যন্ত জনবহুল এলাকায় হামলা চালানো হয়েছে।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়া ওলেশকিতে আটকে পড়া প্রায় দুই হাজার বাসিন্দা তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছেন। যুদ্ধবিরতির ফলে রাশিয়া ও ইউক্রেনের বেসামরিক কর্মকর্তারা সেখানে গিয়ে বাসিন্দাদের প্রয়োজনীয় সহায়তার পরিমাণ নির্ধারণ করবেন এবং চাইলে তাদের নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। তবে এই যুদ্ধবিরতির মেয়াদ কতদিন থাকবে, তা কোনো পক্ষই জানায়নি।

আগামী নভেম্বরে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে আটকে পড়া আহত সেনাদের দ্রুত নিরাপদে সরিয়ে আনতে ইউক্রেনের সামরিক বাহিনী প্রথমবারের মতো বিশেষায়িত ‘স্টারগেট’ ড্রোন ব্যবহার শুরু করেছে।