জুয়া নিয়ে ঝগড়া, মাকে মেরে গলায় ফাঁস দিলেন ছেলে

ফন্ট সাইজ:

রাজধানীর কড়াইল বউবাজার এলাকায় বিক্রম ওরফে বাবু (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবক তার মাকে মেরে ঘর থেকে বের করে দিয়ে নিজেই গলায় ফাঁস দিয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিক্রম শেরপুর জেলা সদরের গোলপাড়ার কোহাকান্দা গ্রামের মৃত সেলিমের ছেলে। বর্তমান বনানী কড়াইল বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

স্বজন ও প্রতিবেশীদের বরাতে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, বিক্রম অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার মাঝেমধ্যেই ঝগড়া হতো। রোববার রাত ২টার দিকে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাকে মেরে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেন। এরপর রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে যেকোনো একসময় নিজের রুমে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালের দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

নিহতের ভাই সজীব জানান, জুয়া খেলা নিয়ে বিক্রমের সঙ্গে তার মায়ের মাঝেমধ্যেই ঝগড়া হতো। এ নিয়ে তার মা কান্নাকাটিও করতেন। রোববার রাতে বিক্রম তার মাকে ঘর থেকে বের করে দিলে তিনি ছোট ছেলে সজীবের বাসায় চলে যান। সোমবার সকালে তিনি ভাইয়ের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন।