গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

ফন্ট সাইজ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আব্দুল্যা আল আরাফ (২) ও মিফতাহুল জান্নাত (২) নামে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্যা আল আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত আশরাফুলের মেয়ে। তারা একইদিনে জন্মগ্রহণ করেছিল।

সোমবার সকাল ১১টার দিকে পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তারা। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। একইদিনে জন্ম ও একইদিনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিশুরা বাড়ির উঠানে খেলার একপর্যায়ে হঠাৎ নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দু’টি দাফনের অনুমতি দেয়া হয়েছে।