পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার সকালে উপজেলার রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান ঈশ্বরদী উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে।
আহতরা হলেন— একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দিন (৪২) ও আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪১)।
জানা যায়, আতিকুরসহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যাচ্ছিলেন। পথে রূপপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
