সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার সুন্দরবন এবং সীমান্তঘেঁষা কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মনোরঞ্জন মণ্ডল উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চারদিন আগে ধানক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন মণ্ডল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। অবশেষে সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। পুলিশ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
