যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার নূর হোসেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে তার এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার দুপুরে ওই স্থানে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। নিহত শাহরিয়ার নূর হোসেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দুপুরে চারজন বন্ধু ওই স্পার বাঁধে ঘুরতে আসেন। তাদের সঙ্গে থাকা সিরাজগঞ্জ শহরের বন্ধু আঁচল ব্যতীত তিন বন্ধু নদীতে গোসলে নামে। ওই সময় হঠাৎ শাহরিয়ার নদীর পানিতে তলিয়ে যায়। পরে বাকি দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর সন্ধ্যার দিকে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরীদল ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টা পর্যন্ত নদীতে উদ্ধার তৎপরতা চালায়। এতেও উদ্ধার না হওয়ায় আজ সকালে পুনরায় অভিযান চালায় তারা। পরে ঘটনাস্থলের পাশেই শাহরিয়ারের মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।