জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা ২১৫ কেজি ওজনের একটি মূল্যবান কালো বেলেপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কৃষ্ণ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে পাথরটি উদ্ধার করা হয়। আটককৃত শ্রী কৃষ্ণ হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল খামারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের কৃষ্ণকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ডিজিটাল স্কেলে পরিমাপ করে ২১৫ কেজি ওজনের ওই কালো বেলেপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।
