সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সঞ্জয় কুমার বাড়ৈ (৩৫) নামের উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।
জানা গেছে, ডিসেম্বরকে সামনে রেখে এলাকায় নাশকতার পরিকল্পনা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সঞ্জয় কুমার বাড়ৈর বাড়িতে গোপন বৈঠক চলছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেয়া অন্যরা পালিয়ে যান বলে জানা গেছে।

পুলিশের দাবি, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে সড়কে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সঞ্জয় কুমার বাড়ৈকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সঞ্জয় কুমার বাড়ৈকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম চলবে।