লালপুরে প্রতারণা, জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। সোমবার ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত শফি সরদারের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৪), রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ফাহিম হোসেন (২৩) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজন (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। এর আগে ভোর ৫টার দিকে উপজেলার সাদিপুর মধ্যপাড়া গ্রামে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালায় লালপুর থানা পুলিশ। এ সময় ওই গ্রামের মৃত আকবর আলী মালিথার ছেলে ইমরান নাজির জুয়েল (৩৩), আসলাম মণ্ডলের ছেলে সোহাগ মিয়া (৩০) ও পালিদেহা খাঁপাড়া গ্রামের মৃত লরা খানের ছেলে সোহেল মাহমুদ (৩৮) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলা ও বেটিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়।

অন্যদিকে একইদিন রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গণ্ডবিল গ্রামে অভিযান চালায় এসআরবি নাটোর ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অনলাইন প্রতারক চক্রের সদস্য শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তারা গণ্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে। তাদের ঘরে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে লালপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।