পাকুন্দিয়ায় সাড়ে ১২ কোটি টাকার সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রোথ সেন্টার কানেক্টিং রোড (জিসিসিআর) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী দশরথ দে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাকিবুল হাসান ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কটির বেহাল অবস্থার কারণে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলাসহ আশপাশের এলাকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে মানুষের এই দুর্ভোগ কমবে। একইসঙ্গে এ এলাকার যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে। ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আর্থসামাজিক উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।