কক্সবাজারের উখিয়ার ইনানীতে অনুমোদনহীন হোটেল, রিসোর্ট ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ইনানীর রয়েল টিউলিপ হোটেলের সামনের একটি ভবন ভেঙে ফেলা হচ্ছে।
ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনার পর হোটেল-রিসোর্টের অনুমোদন ও অগ্নি নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করল প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে রয়েছেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ।
কক্সবাজারে হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা, প্রয়োজনীয় অনুমোদন যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে।
