‘প্রেমের প্রস্তাবে’ রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

‘প্রেমের প্রস্তাবে’ রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

‘প্রেমের প্রস্তাবে’ রাজি না হওয়ায় গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় একটি মাদরাসা পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে ওই ছাত্রীর বাবা ৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন-মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম (২৯), মো. শরীফ মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (৫৫), রহিমা খাতুন (৪০) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)। তারা গাজীপুরের বানিয়ার চালা ও পিরোজআলী এলাকায় বাসা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর থানার চরবওলা এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বিকেবাড়ি সিকদার মার্কেট এলাকায় মারকাযুল কুরআন আদর্শ মহিলা মাদরাসায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম প্রেমের প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী সাড়া দেয়নি। এরপর থেকে তাকে বিভিন্নভাবে মাদরাসার পরিচালক আরিফুল ইসলাম উত্যক্ত করতেন। এছাড়া ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে তারা শিক্ষককে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম তার ভাই মো. শরীফ মিয়া, বাবা মো. সেলিম মিয়া, মা রহিমা খাতুন ও মো. দেলোয়ার হোসেনের সহযোগিতায় তাকে অপহরণ করে। পরে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।