‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’-ফেসবুকে পোস্ট করা সেই এসিল্যান্ডকে সরানো হলো

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’-ফেসবুকে পোস্ট করা সেই এসিল্যান্ডকে সরানো হলো

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলোচিত সেই সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’-বলে ফেসুবকে পোস্ট করেছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

তিনি মানবজমিনকে বলেন, ‘জনস্বার্থে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। সেখানে তার স্ত্রী ও স্বজনেরা রয়েছেন।’

এর আগে শুক্রবার রাতে আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্ট ঘিরে সুনামগঞ্জজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজের মৃত্যুর জন্য জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে একটি পোস্ট দেন তিনি। কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়। এরপর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেওয়া হয়।

ওইদিন রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের পেজে পোস্ট দু’টি দেখা যায়। একটি পোস্টে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ অপর পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।

এদিকে, অসুস্থ হয়ে পড়ায় আরিফুর রহমান শান্তকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘শুক্রবার রাতে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত। কেক কাটার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন।’

একপর্যায়ে ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন এবং তাদের গায়ে হাত তোলেন। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলে সেখানে পানির গ্লাস ভাঙচুর করেন। এ ছাড়া বাসার সামনে থাকা দুই শিশুকেও মারধর করেন বলে অভিযোগ করেন ইউএনও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও জামালগঞ্জ থানার ওসিকে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ঘুমের ব্যবস্থা করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়।

ইউএনও জানান, পরে তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন, আরিফুর রহমান শান্ত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত।