যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম প্রার্থী আবদুল আল সায়েদ। তাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলাকারীদের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্রবিরোধী সহিংস সন্ত্রাসীদের দেশে প্রবেশের সুযোগ দেবে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার মিশিগানের পোর্ট হুরনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় আল সায়েদের বিরুদ্ধে আক্রমণ আরও জোরালো করেন ট্রাম্প। তার অভিযোগ, আল সায়েদের সঙ্গে মুসলিম উগ্রপন্থীদের সম্পর্ক রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ওই সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়া থেকে একজন জিহাদি ও মুসলিম ব্রাদারহুডের সদস্যকে ঠেকাতেই আমি এখানে এসেছি। উল্লেখ্য, পোর্ট হুরন এমন একটি এলাকায় অবস্থিত, যেখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে আল সায়েদ নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম। ট্রাম্প দীর্ঘদিন ধরেই তাকে যুক্তরাষ্ট্রবিরোধী উগ্রপন্থি মুসলিম হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। রোববার সেই বক্তব্যের মাত্রা আরও বাড়িয়ে তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সময় ইউনাইটেড এয়ারলাইনসের ৯৩ নম্বর ফ্লাইট ছিনতাইকারীদের সঙ্গে আল সায়েদের তুলনা করেন।
আগামী ৩রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনগুলোর একটি হতে যাচ্ছে মিশিগানে। এই নির্বাচনে শূন্য হয়েছে এমন একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্স ও ডেমোক্রেট আল সায়েদ। আসনটির ফল সিনেটে কোন দল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্রাম্প তার বক্তব্যে ৯/১১ হামলার সময় ছিনতাইকারীদের প্রতিরোধ করা টড বিমার ও অন্য যাত্রীদের সাহসিকতার প্রসঙ্গ তোলেন। টড বিমার ছিলেন মিশিগানের বাসিন্দা। ট্রাম্প বলেন, ২৫ বছর পর মিশিগানকে দাঁড়াতে হবে এবং লড়াই করতে হবে, ঠিক যেভাবে টড করেছিলেন। একজন জিহাদিকে ক্যাপিটলে প্রবেশ করা থেকে ঠেকাতে হবে।
আল সায়েদ নির্বাচিত হলে তাকে সিনেটে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে বলেও বিদ্রƒপ করেন ট্রাম্প। তিনি বলেন, সে নির্বাচিত হলে একমাত্র সিনেটর হবে, যাকে সিনেটে ঢোকার অনুমতি দেয়ার আগে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে। আল সায়েদ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। রোববার রাতে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পের বক্তব্যে দ্বিচারিতার অভিযোগ তোলেন। আল সায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমার নামের প্রথম অংশটি ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, সেটা আমি বুঝতে পারি। কিন্তু সৌদি আরবের লোকেরা যখন তার জামাতার ব্যক্তিগত বিনিয়োগ তহবিলে অর্থায়ন করে, তখন তার ততটা আপত্তি থাকে না। কাতারিরা যখন তাকে ৪০ কোটি ডলারের একটি ব্যক্তিগত জেট বিমান উপহার দেয়, তখনও তাকে ততটা বিচলিত মনে হয় না।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ তহবিল অ্যাফিনিটি পার্টনার্স সৌদি সরকারের একটি সংস্থার কাছ থেকে কয়েক শ কোটি ডলার পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে কাতার ট্রাম্পকে একটি বোয়িং ৭৪৭ বিমান উপহার দিয়েছে। রোববারের সমাবেশে উপস্থিত অধিকাংশ শ্বেতাঙ্গ দর্শক ট্রাম্পের বক্তব্যে উল্লাস প্রকাশ করেন। তাদের কেউ কেউ ‘বিশ্বাসঘাতক’ এবং কেউ ‘দেশ থেকে বের করে দাও’ বলে স্লোগান দেন। উল্লেখ্য, আল সায়েদের জন্ম মিশিগানেই।
মিশিগানের স্যান্ডুস্কির বাসিন্দা ৫২ বছর বয়সী সাবেক সেনাসদস্য টেরেন্স ক্যামবার্ন বলেন, আল সায়েদের ‘রাজনৈতিক বিশ্বাসের’ কারণেই তিনি তার বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনাকে সমর্থন করেন। ৯/১১ হামলার প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্যামবার্ন বলেন, আমি ডিয়ারবর্নে গিয়েছি এবং সেখানে তিনি যেসব বিষয় সমর্থন করেন, তার অনেক কিছুই দেখেছি। মিশিগানের ডিয়ারবর্ন শহরে যুক্তরাষ্ট্রের যেকোনো শহরের তুলনায় মাথাপিছু মুসলিম জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। সমাবেশ শেষে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় মাইক রজার্স ৯/১১ হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্পের বক্তব্য নিয়ে রয়টার্সের প্রশ্নের উত্তর দেননি। তবে এর আগে রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, আল-সায়েদকে সহিংস সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়ার সঙ্গে তিনি একমত নন। রজার্স বলেন, আমি কখনো তাকে সন্ত্রাসী বলিনি।
রজার্স এর আগে কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন, আল সায়েদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে। মুসলিম ব্রাদারহুড আরব বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে প্রভাবশালী ইসলামপন্থি সংগঠনগুলোর একটি। আল সায়েদ মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতি তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে রজার্স বলেন, এসব অভিযোগের বিষয়ে আল সায়েদ যথেষ্ট ব্যাখ্যা দেননি। তিনি আরও বলেন, তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট একজন প্রার্থী। তার এমন কিছু উগ্র সমর্থকগোষ্ঠী রয়েছে, যারা আমেরিকাকে পছন্দ করে না।
তবে আল সায়েদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক থাকার অভিযোগের পক্ষে রজার্স কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
রোববার মিশিগানের পূর্বাঞ্চলে ট্রাম্পের এই সমাবেশের এক দিন আগে অঙ্গরাজ্যটিতে ডেমোক্রেটদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী সপ্তাহের নির্বাচনে মিশিগানের গুরুত্ব কতটা, এই দুই নেতার প্রচারণা তা তুলে ধরেছে। শনিবার ডেট্রয়েটে এক সমাবেশে ওবামা বলেন, আল সায়েদের বিরোধীদের আক্রমণের উদ্দেশ্য তাকে তাদের তুলনায় ‘কম আমেরিকান’ হিসেবে তুলে ধরা। নিজেও একসময় কেনিয়ায় জন্মগ্রহণ করেছেন বলে মিথ্যা অভিযোগের শিকার হওয়ার অভিজ্ঞতার সঙ্গে বিষয়টির তুলনা করেন সাবেক এই প্রেসিডেন্ট। ওবামা বলেন, এসব কৌশল আমার ক্ষেত্রে কাজ করেনি। মিশিগানেও নয়। আবদুলের ক্ষেত্রেও এগুলো কাজ করবে না।
যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি, ডেমোক্রেটদের ৪৭টি। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্রেটদের ২১৪টি আসন রয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা উল্টে দিতে ডেমোক্রেটদের দুই কক্ষেই অল্প কয়েকটি আসন বাড়াতে হবে।
