ফল মানছেন না বলসোনারো, বাতিল চান নির্বাচন

ফল মানছেন না বলসোনারো, বাতিল চান নির্বাচন

ফন্ট সাইজ:

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেয়া ‘অসম্ভব’ বলে জানিয়েছেন ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার নিকট পরাজিত হয়ে ফলাফল মানতে নারাজ তিনি। তার আইনি দল এই নির্বাচন বাতিলের জন্য আবেদন করবে। তিনি জানান, লুলার কাছে তিনি এই পরাজয় কোনোভাবেই মেনে নেবেন না। চার বছর আগে তার বাবা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোও বর্তমান প্রেসিডেন্ট লুলার কাছে পরাজয় মেনে নেননি। পরে তিনি অভ্যুত্থানের চেষ্টা করে সাজাপ্রাপ্ত হন। বাবার দেখানো পথেই হাঁটছেন ফ্লাভিও। ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির সিদ্ধান্তকে পরাজয় না মানার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ফ্লাভিও নিজেও ভোটগ্রহণের সময় বাড়ানোর আবেদন করেছিলেন। তবে তিনি বলেন, বিচারপতি ক্রিস্টিয়ানো জানিনের বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি খেলা চলাকালীন নিয়ম পরিবর্তনের শামিল। তার দাবি, সুপ্রিম কোর্টে লুলার বন্ধুদের কাছ থেকে এই সিদ্ধান্ত এসেছে। কারণ জানিন আগে লুলার আইনজীবী ছিলেন এবং লুলাই তাকে নিয়োগ দিয়েছিলেন। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের পরপরই জানিন সময় বাড়ানোর নির্দেশ দেন।

এর আগে জাইর বলসোনারোর নিয়োগকৃত ও নির্বাচনী আদালতের বর্তমান প্রধান বিচারপতি ক্যাসিও নুনেস মার্কেস কয়েক ঘণ্টা ধরে লুলার আবেদনের কোনো রায় দেননি। প্রচারণাকালে মার্কেসের বিরুদ্ধে ফ্লাভিওর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল।