এবারের দুর্গাপূজা নিজের মতো করে পালন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাছের মানুষদের সঙ্গে নিয়েই মণ্ডপে ঘোরা, বাসায় উদ্যাপন করেছেন তিনি। এদিকে, অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই ব্যস্ত নতুন ফটোশুট নিয়ে। পাশাপাশি নিজের ব্যবসাটাও সামলাচ্ছেন। এদিকে, চলতি বছর একাধিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তিনি। নিজের প্রযোজনার ‘লাল শাড়ি’ সিনেমার পর দীর্ঘ বিরতি নেন তিনি। এরপর এ বছর দু’টি সিনেমায় যুক্ত হয়েছেন। দু’টি সিনেমারই শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিনেমা দুটি’র নাম- ‘শিকার’ ও ‘দুর্বার’। এর মধ্যে নেপালে তিনি শুটিং করেছেন ‘শিকার’ সিনেমার। এর পরিচালক কামরুজ্জামান রোমান।
এর বাইরে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’র কাজ করেছেন অপু। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন সজল। এ ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে। এর বাইরেও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের একটি ছবিতেও অভিনয় করার কথা রয়েছে অপু বিশ্বাসের। এ সিনেমাগুলোর জন্য বছরের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের ওজনও খানিকটা কমিয়েছেন।
এ ছবিগুলো প্রসঙ্গে অপু বলেন, ছবিগুলোর নাম যেমন সুন্দর ও কৌতূহল জেগেছে দর্শকদের, তেমনি ছবিগুলোর গল্পও চমৎকার। ‘শিকার’, ‘দুর্বার’- দু’টি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছি। আর ‘সিক্রেট’র কাজও শুরু হবে দ্রুতই। এ ছবিগুলো নতুন বছরে দর্শকরা দেখতে পাবেন। আমার বিশ্বাস, ভালো কিছু ছবি দর্শক পেতে যাচ্ছেন। এদিকে, আরও দু’-তিনটি সিনেমা নিয়েও কথা চলছে এ নায়িকার। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোও করা হবে বলে জানালেন তিনি।
