লন্ডনে ছুটি কাটাতে গিয়ে অক্ষয় কুমারের ছেলে আরব ভাটিয়ার সঙ্গে ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবিতে দু’জনকে হাসিমুখে মাফিন কেক হাতে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি বন্ধুত্বের বাইরেও কোনো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে? এই প্রশ্নই এখন ঘুরছে অনুরাগীদের মনে। সম্প্রতি অনন্যার বন্ধু তাহিরা চাওলা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি ভাগ করে নেন অনন্যা। ছবিতে পাশাপাশি বসে থাকতে দেখা যায় দু’জনকে। আরবের হাতে মাফিন ভর্তি একটি কৌটা, অন্যদিকে মাফিনের টুকরা হাতে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন অনন্যা।
চাঙ্কি পাণ্ডে ও ভাবনা পাণ্ডের মেয়ে অনন্যা ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরে ‘পতি পত্নী অউর ওহ’, ‘খালি পিলি’ ও ‘ড্রিম গার্ল-২’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কল মি বে’ সিরিজের মাধ্যমেও দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী। অন্যদিকে, অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ছেলে আরব ভাটিয়া সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকেন। তবে তাদের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই নতুন সম্পর্কের জল্পনা ছড়িয়েছে। অনন্যা বা আরব কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু
জানাননি।
