ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা লঙ্ঘনকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে সৌদি আরব। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন দেশটির দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান। খবর গালফ নিউজের।
সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শেখ আবদুর রহমান আল সুদাইস বলেছেন, মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা এমন একটি ‘রেড লাইন, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না’।
তিনি বলেন, হুতিদের এসব হামলা তাদের ‘অপরাধমূলক কর্মকৌশল’ এবং মুসলমান ও তাদের পবিত্র স্থানগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ।
আল সুদাইসের ভাষায়, পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা ইসলামি আইন ও আন্তর্জাতিক মানবিক নীতিমালাÑউভয় ক্ষেত্রেই স্বীকৃত। এসব স্থানে হামলা চালানো সেই বিধানের স্পষ্ট লঙ্ঘন।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হুতিদের নতুন দফার হামলার পর তিনি এ নিন্দা জানান।
মক্কা-মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে পড়লে সিভিল ডিফেন্সের দলগুলো সেখানে উদ্ধার ও নিরাপত্তামূলক কার্যক্রম চালায়।
ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া যায় মক্কার ওয়াদি আল মুগাম্মাস, জেদ্দার আল নুজহা, তাইফের ওয়াদি জলিল এবং রাবিগের মাসতুরা এলাকায়।
আল সুদাইস সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করে বলেন, এসব হামলায় দেশটির স্থিতিশীলতা নষ্ট হবে না। বরং পবিত্র স্থানগুলো এবং লাখ লাখ হাজি ও ওমরাহ পালনকারীর নিরাপত্তা নিশ্চিত করার সংকল্প আরও দৃঢ় হবে।
তবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। সৌদি আরবের অভিযোগকে তারা ‘বড় ধরনের মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।
রিয়াদে একের পর এক বিস্ফোরণ
এদিকে ‘রেড লাইন’ ঘোষণার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রিয়াদে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এএফপির খবরে বলা হয়েছে, রোববার ভোরে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এএফপির একজন সাংবাদিক জানান যে, তিনি রাজধানীতে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি’ সম্পর্কে সতর্ক করে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাত ১টার কিছু পর এবং ভোর ৫টার দিকে রিয়াদ অঞ্চলে লক্ষ্য করে ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, রাজধানীর দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোট জানায়, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়ার পক্ষ থেকে রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।’
এ ছাড়া রোববার সকালে দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করে সৌদি বাহিনী। সেই সঙ্গে আবহা ও নামাস গভর্নরেট এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
খামিস মুশাইতের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আজ সকাল থেকে গোলাবর্ষণ খুব তীব্র। সৃষ্টিকর্তা আমাদের নিরাপদ রাখুন। বিস্ফোরণের কারণে সবকিছু কাঁপছে।’
