সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ ৪ঠা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ই অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রমও আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
