জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি শেখ হাসিনার তিনটি সংসদকে অবৈধ বলে। আমরাও মনে করি অবৈধ। কিন্তু আইনগতভাবে এটা বলার সুযোগ নাই। কারণ বিএনপি সরকার ঐ তিনটি সংসদকে অবৈধ বলে ঘোষণা করে নাই। রোববার রাজধানীর মিরপুরে-১০ গোলচত্বরে সংক্ষিপ্ত পথসভায় এ সব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ মিছিল সফল করতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এই সংক্ষীপ্ত পথসভা, ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে৷
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বিগত তিনটি সংসদ অবৈধ ঘোষণার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখনো সুযোগ রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই অবৈধ সংসদের ধারাবাহিকতা এবং সংবিধানের ধারাবাহিকতা থেকে বের হয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করার।’
নাহিদ ইসলাম বলেন, পুরোনো ধারাবাহিকতা রক্ষা হলে একদলীয় সংবিধান সংশোধন কমিটি যদি সবচাইতে ভালো সংশোধনীটাও আনেন, ভবিষ্যতে এমন হতে পারে সে সংশোধনী বাতিল করে বর্তমান সরকার এবং অন্তর্বর্তী সময়টাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে। আমরা দেখেছি কীভাবে পঞ্চম সংশোধনী বাতিল করে জিয়াউর রহমানকে একজন অবৈধ দখলদার ক্ষমতা দখলদার হিসেবে আওয়ামী লীগ ইতিহাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। ফলে এটা যে তারেক রহমানের সঙ্গে হবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ফলে নিশ্চয়তা হবে এবং তারেক রহমানের ভালোর জন্যই আমরা বলতেছি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরনো সংসদ, পুরনো অবৈধ সরকার এবং যে পুরনো ফ্যাসিস্ট সংবিধান সেই সাংবিধানিক কাঠামো ধারাবাহিকতা থেকে বের হয়ে বাংলাদেশের নতুনভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন।
সমতল থেকে পাহাড়- সর্বোত্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি আশান্ত বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সমতল থেকে পাহাড়ে গিয়ে পৌঁছেছে। পাহাড় অশান্ত কেন এটার সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সরকার পাহাড়কে শান্ত রাখতে, স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। পাহাড়ে কারা অস্থিতিশীলতা করছে, বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে তৎপরতা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে এটা জনগণের সামনে সুস্পষ্টভাবে বলতে হবে। কারণ এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।
সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, এই গোপন আঁতাতের ফলেই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমরা জানি পাহাড়ে কারা অস্ত্র দেয়, পাহাড়ে কারা অশান্তি তৈরি করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কথিত বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে চাপ দেওয়ার প্রয়োজন হয় তখন তারা পাহাড়ে অশান্তি তৈরি করে।
