চাচার বাড়ি থেকে স্বর্ণ চুরি করে সেই টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনেছে ১৯ বছর বয়সী এক তরুণ। শুধু তা-ই নয়, নতুন গাড়ির পূজা উপলক্ষে সেই চাচাকেই দাওয়াত দিয়েছেন ওই তরুণ। ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।
তবে গাড়ি কেনার টাকার উৎস নিয়ে পুলিশের সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায় চুরির ঘটনা। ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তরুণের নাম সমর চবন। তিনি তার চাচা উমেশ মারুতি চবনের বাড়ি থেকে ১৫০ গ্রাম ওজনের স্বর্ণের গয়না চুরি করেন। পরে সেই গয়না বিক্রি করে পাওয়া ১০ লাখ রুপি দিয়ে একটি মাহিন্দ্রা থার স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) কিনেন।
এরই মধ্যে উমেশ দেখতে পান, বাড়ির সিন্দুক থেকে তার স্ত্রীর গয়না উধাও। পরিবারের সদস্যদের সন্দেহ হয়, পরিচিতজনদের মধ্যেই কেউ এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপ-পুলিশ সুপার শ্রীকান্ত থাকানে ও তার দল তদন্ত শুরু করে। একপর্যায়ে সমরের হঠাৎ এত টাকা পাওয়ার বিষয়টি পুলিশের নজরে আসে। এত দামি গাড়ি কেনার অর্থ কোথা থেকে এল, তা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারীদের।
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সমর চুরির কথা স্বীকার করে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় সমর এবং চুরি করা সোনা কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাচার বাড়ি থেকে স্বর্ণ চুরি করে গাড়ি কেনা এবং সেই গাড়ির পূজায় চাচাকেই আমন্ত্রণ জানানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
