মোদির ছবি নিয়ে ‘কালা জাদু’, ভিডিও ঘিরে রহস্য

তদন্তে পুলিশ

মোদির ছবি নিয়ে ‘কালা জাদু’, ভিডিও ঘিরে রহস্য

ফন্ট সাইজ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে ‘কালা জাদু’ করার অভিযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তদন্ত শুরু হয়েছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর পিটিআই’র।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উত্তর প্রদেশের দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে প্রধানমন্ত্রীর ছবিকে ঘিরে বিভিন্ন সামগ্রী সাজিয়ে রাখতে দেখা যায়। এসব সামগ্রীর মধ্যে ছিল একটি নারকেল, কয়েকটি লেবু ও কমলা রঙের গুঁড়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি পুলিশের নজরে আসার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে ভিডিওতে দেখানো ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।