বিএনপি’র তিন প্রার্থীর নির্বাচনে বাধা নেই

বিএনপি’র তিন প্রার্থীর নির্বাচনে বাধা নেই

ফন্ট সাইজ:

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি’র তিন প্রার্থীর নির্বাচনে বাধা নেই। বিএনপি’র তিন প্রার্থী হলেন- ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম ও কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন। এর মধ্যে দুই প্রার্থীর বৈধতা নিয়ে করা লিভ টু আপিল শুনানি হবে নির্বাচনের পর। এ ছাড়া, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম ও বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলামের লিভ টু আপিল শুনানির জন্য ছিল। কিন্তু আপিল বিভাগ নট টুডে (আজকে নয়) আদেশ দেন। বিএনপি’র প্রার্থীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও রুহুল কুদ্দুস কাজল। আর আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার শাহ নেওয়াজ।
ঢাকা-১১ আসনের বিএনপি’র এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট করেছিলেন ২রা ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে ৩রা ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ই ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নাহিদ ইসলাম। আবেদনে বলা হয়, কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক। নাহিদ ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী জহিরুল ইসলাম মুসা। রাষ্ট্রপক্ষে ছিলেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। কাইয়ুমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও রুহুল কুদ্দুস কাজল।

এদিকে বগুড়া-১ আসনে বিএনপি’র প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে ঋণখেলাপির অভিযোগে একই আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করেন রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে। তবে তারা দু’জনেই তাদের আপিল প্রত্যাহার করে নেন। পরে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।

কুমিল্লা-৩ আসনে বিএনপি’র প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করলে লিভ টু আপিল করেন ইউসুফ সোহেল, যা খারিজ হলো আপিল বিভাগেও। এর আগে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে নির্বাচনে জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি’র দুই প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত থাকবে বলে ৩রা ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। তারা হলেন- চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর। আর কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ও শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতার বৈধতার বিষয়টি নির্ভর করছে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। এই চারজনের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর হয়ে আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে।

Tamim

৫ মাস আগে

অভিনন্দন শুভ হক আপনাদের নির্বাচন

মন্তব্য করুন