বহু চ্যালেঞ্জ আর প্রত্যাশার ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ অধিবেশন শুরু হবে। সবার দৃষ্টি সেদিকেই। অধিবেশন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে সংসদ ভবন এলাকা ঘিরে। আশেপাশের এলাকায়ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞত্তি দিয়েছে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের প্রদত্ত ক্ষমতাবলে বুধবার রাত ১২টা থেকে সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
’২৪-এর গণ-অভ্যুত্থানের পথ ধরে দৃষ্টান্ত স্থাপন করা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও বিরোধী দলের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ। গণ-অভ্যুত্থানে জীবনবাজি রাখা ছাত্র-জনতার প্রত্যাশিত জবাবদিহিমূলক কার্যকর সংসদ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ নিয়েই সংসদ নেতা হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বিরল নজির তৈরি করে যাত্রা শুরু করা তারেক রহমান জাতীয় সংসদের ভবিষ্যৎ রাজনীতির জন্য নজির তৈরি করতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। একইসঙ্গে গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হওয়া সরকারি দল বিএনপি ও সমমনা জোটের এমপিদের সামনেও জনপ্রত্যাশা পূরণের বিশাল এক চ্যালেঞ্জ। সরকার এবং সরকারি দলের এমপিদের জবাবদিহিতা নিশ্চিতের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট। জামায়াতের আমীর হিসেবে প্রথমবার বিরোধী দলের নেতার আসনে কার্যক্রম শুরু করছেন ডা. শফিকুর রহমান।
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল যে অঙ্গীকার করেছে তা পূরণের পর্বও শুরু হচ্ছে আজ থেকে। আজ থেকে যাত্রা শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকাল হবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে দ্বাদশ সংসদ ভেঙে যায়। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে থাকা অবস্থায় পদত্যাগ করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অভ্যুত্থানে গণহত্যার মামলায় আছেন কারাগারে।
এই অবস্থায় স্পিকার ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদ সূতিকাগার হলেও আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ায় ৫৮৩ দিন অকার্যকর ছিল জাতীয় সংসদ। দীর্ঘ বিরতির পর যাত্রা শুরু করতে যাওয়া সংসদের আজকের কার্যক্রম শুরু হবে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য দিয়ে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ সংসদীয় আসনের মধ্যে দু’টি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
বেলা ১১টায় বসছে সংসদ অধিবেশন, কড়া নিরাপত্তা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১২ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
