ঝুঁকিপূর্ণ ৬৫৩ কেন্দ্র

চট্টগ্রামে বাড়তি সতর্কতা

ঝুঁকিপূর্ণ ৬৫৩ কেন্দ্র

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মোট এক হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অধীনে থাকা ৬০৭টি কেন্দ্রের ৩১০টিই অধিক গুরুত্বপূর্ণ এবং জেলা পুলিশের অধীনে থাকা এক হাজার ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার সাতদিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র ৭ই ফেব্রুয়ারি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী, ভোটের চারদিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুইদিন ৮ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মহানগরীর অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রধারী পুলিশ, দুজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার।

জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলা পুলিশের অধীনে থাকা এক হাজার ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৩টি অধিক গুরুত্বপূর্ণ, ৬৮৮টি গুরুত্বপূর্ণ এবং ৩২৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সিএমপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের অধীনে থাকা ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, ১৫০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ১৪৭টি কেন্দ্র সাধারণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, নগরীর কোতোয়ালী থানার অধীনে থাকা ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টিই অধিক গুরুত্বপূর্ণ। চকবাজার থানার ১৬টি কেন্দ্রের মধ্যে আটটি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সদরঘাট থানার ২৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। খুলশী থানার অধীনে থাকা ৪৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টিই অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। আকবরশাহ থানার ২৩টি কেন্দ্রের প্রত্যেকটিকেই অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন