ফেনীর সোনাগাজীতে গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব মো. আবদুল্লা আল আমীন (৩০)। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ আবদুল্লা আল আমীন উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকান এলাকার আলী আজ্জম মৃধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। নিখোঁজের চাচি কামরুন নাহার জানান, গত ২১শে অক্টোবর বিকালে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি আবদুল্লা আল আমীন। ওইদিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দু’টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তার ফোন কখনো বন্ধ থাকে না এবং কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না।
আবদুল্লা আল আমীনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২১টি মামলা দেয়া হয়েছিল। একটি মামলায় আট বছরের সাজা হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক নোমান জানান, আল আমীন দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য ফেনী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়ম মুমিদ রায়হান জানান, জিডি পেয়েছি। জিডি’র সূত্র ধরে তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এর আগে ২০১৪ সালের ২০শে মার্চ ভোর ৩টার দিকে ফেনী শহরের পাঠানবাড়ি রোডের একটি ভাড়া বাসা থেকে র্যাব পরিচয়ে একদল সশস্ত্র ব্যক্তি যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তুলে নিয়ে যায়। এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও রিপনের সন্ধান মেলেনি। আজও তার পথ চেয়ে আছেন বৃদ্ধা মা রৌশন আরা এবং দুই সন্তান ফারিয়া ও নিশাত। দীর্ঘ বছর স্বামীর অপেক্ষায় না থেকে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার পেতেছেন। যার ফলে দুই নাতি-নাতনি নিয়ে চরম বিপাকে আছেন রিপনের মা। প্রিয়জনের খোঁজ না পেয়ে পরিবার ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
