ভালুকায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে জাহানারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিঘর গ্রামের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, রাতে খাবার খেয়ে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কোনো কিছুর কামড় অনুভব করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে বিছানা থেকে একটি সাপ যেতে দেখে চিৎকার দেয় জাহানারা বেগম। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটার প্রতিষেধক দেয়ার কিছুক্ষণ পর গৃহবধূর মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে জাহানারাকে সাপে দংশন করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।