সীতাকুণ্ডে সাইনবোর্ড বসিয়ে জমি দখলের চেষ্টা

সীতাকুণ্ডে সাইনবোর্ড বসিয়ে জমি দখলের চেষ্টা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের ১২ শতক জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। বিরোধপূর্ণ জমিতে পিলার বসিয়ে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেয়ার পাশাপাশি সাইনবোর্ড স্থাপন, বাধা দেয়ায় মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভিডিও ধারণের সময় মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর নাথপাড়ার বাসিন্দা নন্দ কিশোর নাথ (৩৮) সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের শীতলপুর মৌজার ১২ শতক জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নন্দ কিশোর নাথের দাবি, তার বাবা ১৯৮৫ সালে জমিটি কিনে ভোগদখল করে আসছেন। অন্যদিকে একই জমির মালিকের কাছ থেকে ছবির আহম্মদ ১৯৯৯ সালে জমি কেনার দলিল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে নামজারি মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন নন্দ কিশোর নাথ। অভিযোগে নন্দ কিশোর নাথ দাবি করেন, গত মঙ্গলবার সকালে ছবির আহম্মদ ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে পিলার বসিয়ে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন।

এ সময় তিনি বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার মেয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে দু’টি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযুক্ত ছবির আহম্মদের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। সীতাকুণ্ড মডেল থানার এএসআই মো. মেহেরাজ বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার জন্য উভয়পক্ষকে নিষেধ করা হয়েছে।