ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৩২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলা এলাকায় পাহাড়ি ট্রাভেলসের বাস কাউন্টারের সামনে থেকে আট বোতল মদসহ জাকির হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সন্নাসীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন মিয়া (২৬) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে সারোয়ার হোসেন (৩১) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, উদ্ধার করা মদ গাজীপুরে পৌঁছে দেয়ার জন্য তাকে দেয়া হয়েছিল। এ ঘটনায় জাকির, সুমন ও সারোয়ারের বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ মদ আনা ও বিক্রির অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানায় মামলা রুজুর আবেদন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।