সাপের দংশনে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাপের দংশনে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার আব্দুল খালেকের নাতি ও চন্দ্রঘোনা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়িতে প্রবেশের সময় জিহাদকে কোনো কিছু কামড় দেয় বলে বুঝতে পারে। তবে অন্ধকারে কী কামড় দিয়েছে, তা দেখতে পায়নি। পরে তার শরীরে সাপের দংশনের চিহ্ন দেখতে পান স্বজনরা।

এ ঘটনার পর বাড়ির আঙিনায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে মেরে ফেলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা বলেন, জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার শরীরে সাপের দংশনের সুনির্দিষ্ট লক্ষণ দেখতে পাননি। এ কারণে সাপের দংশনের বিষয়টি নিশ্চিত না হয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, সাপের দংশনের বিষয়টি নিশ্চিত না হলে অ্যান্টিভেনম প্রয়োগের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও বিবেচনায় নিতে হয়। এ কারণে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন।