যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার মেডিকেল সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে এসব চিকিৎসাসামগ্রী তুলে দেন তিনি। চিকিৎসাসামগ্রী হাসপাতালে ভর্তি রোগীরা যেন সঠিকভাবে বিনামূল্যে পায় সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী। হিউম্যান এ্যাপিল ইউএসএ’র সহযোগিতায় বিতরণকৃত চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে ব্যথার ইনজেকশন, বয়স্কদের জন্য প্যাম্পাস, গ্লাভস, ক্যানোলা, চিকিৎসকদের পোশাকসহ ওটির কাজে ব্যবহৃত সামগ্রী।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, সিভিল সার্জন মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, সাংবাদিক আবদুল কাদেরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আড়াইশ’ শয্যার হাসপাতাল হলেও চিকিৎসাসেবা দেয়া হয় ৫০০ শয্যার। বিপুলসংখ্যক ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংকটেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। এই চিকিৎসাসামগ্রী পাওয়ার মধ্যদিয়ে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত হবে।
