কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকা থেকে ডালিয়া আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত ডালিয়া বাস্তা ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা ডালিয়ার আব্দুল্লাহপুর রসুলপুর সোনালী ব্যাংকের উপরে তিন তলার নিজ ফ্ল্যাটের ভেতরে তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডি’র ক্রাইম সিন টিমকে খবর দেয় এবং মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকে ডালিয়া ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার দুই কন্যা নদী ও লিজা। তাদের বিয়ে হয়েছে।
নিহত ডালিয়ার মেয়ে লিজা অভিযোগ করে বলেন, আমার মা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করছেন। যুব ও মহিলা লীগের নেত্রী ছিলেন, পাশাপাশি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার মাকে পরিকল্পিতভাবে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। তিনি সরকারের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, ডালিয়া বেগম পেশায় স্থানীয় প্রাইমারি স্কুলের একজন স্কুলশিক্ষিকা ছিলেন। রাজনৈতিক পরিচয় এবং তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
