পাহাড়ের অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্র সাজেক ভ্রমণ সাময়িক বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পর্যটন খাতকে সচল রাখা ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় দ্রুত সাজেক খুলে দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ স্থানীয় বাসিন্দারা। গতকাল বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি শহরের সাজেক কাউন্টার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পর্যটন ব্যবসায়ী সমিতি, জিপ মালিক সমিতি ও স্থানীয় পরিবহন খাতের শীর্ষ নেতারা। সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সাজেক কেবল একটি বিনোদনকেন্দ্র নয়, এটি এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। আকস্মিক ও দীর্ঘমেয়াদি বন্ধের কারণে সাজেক কেন্দ্রিক হোটেল, মোটেল, রেস্তরাঁ, হস্তশিল্প ও পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের রুটি-রুজি আজ চরম হুমকির মুখে। পর্যটক না থাকায় প্রতিদিন লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক ব্যবসায়ীরা। তারা আরও জোর দিয়ে বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে দীর্ঘ সময় পর্যটনকেন্দ্র বন্ধ রাখা স্থায়ী সমাধান হতে পারে না। বরং আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নজরদারি বাড়িয়ে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করাই এখন সময়ের দাবি।
