কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় খলিলুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি জালিয়াতি, প্রতারণা ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার চন্দ্রখানা (বালাটারী) গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযোগকারী মসলেম উদ্দিন বক্তব্য দেন। এ ছাড়া এলাকাবাসীর পক্ষে মাহবুব আলম, মোজাম্মেল হক, মাহফুজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাজ করে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জমির দলিল ও রেকর্ড সংশোধনের নামে প্রতারণা এবং অন্যের জমি নিজের নামে নেয়ার মতো কর্মকাণ্ডে জড়িত।
এসব ঘটনায় এলাকার একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তারা। লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় বাবুল মিয়াকে জমির খাজনা বকেয়া থাকার কথা বলে ভয় দেখিয়ে টাকা নেয়া হয়। পরে তার জমির অংশ নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগকারীরা দাবি করেন। এ ছাড়া বাবুল মিয়া ও তার পরিবারের জমি নিয়ে বিরোধের একপর্যায়ে তাদের পরিবারটি অসহায় হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এলাকাবাসী জানান, জমিজমা সংক্রান্ত এসব অভিযোগের প্রতিকার এবং সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছেন। তারা খলিলুর রহমানকে জমি-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবাঞ্ছিত ঘোষণা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
