নওগাঁর মান্দায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গতকাল বিকালে দুইজন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি। অপরজন আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবে এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও আপলোড করে। গত বৃহস্পতিবার রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে আসা মাত্র পুলিশ কাজ শুরু করে। এবং তারই ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গতকাল রাতেই দুইজন ফ্যাসিস্ট নেতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়।
এসপি তারিকুল ইসলাম আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, তাদের কঠোর হস্তে দমন করবে পুলিশ। কাজেই মাইকিংয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে জোর পুলিশি অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় ওই ভিডিওতে।
