পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফন্ট সাইজ:

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মাহা (৬) ও আব্দুল গনির মেয়ে তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুপু ও ভাতিজি। জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরের ঘাটে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে মাহার মরদেহ ভেসে ওঠে। পরে তানহাকে খুঁজতে পানিতে নামেন স্বজনরা। এ সময় পুকুরের পানিতে গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে দুই শিশুকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, গোসল করার সময় পুকুরের ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় তারা। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দু’টিতে শোকের মাতম চলছে। একই বাড়ির দুই শিশুর প্রাণহানিতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।