বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ফন্ট সাইজ:

তাড়াশে গৃহপালিত হাঁস-মুরগি রক্ষায় শিয়াল মারার জন্য বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আফরোজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর ৮ বছর বয়সী ছেলেসহ দুই শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফরোজা খাতুন ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ আফরোজা খাতুন বসতবাড়িতে হাঁস-মুরগি পালন করতেন। কিন্তু ইদানীং শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে হাঁস-মুরগির ঘরের (খোপ) দরজায় জিআই তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেন আফরোজা।

গতকাল সকাল ১১টার দিকে তার ৮ বছর বয়সী ছেলে খোপের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশীর আরও এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তারা। সেখানে দায়িত্বরত চিকিৎসক গৃহবধূ আফরোজা খাতুনকে মৃত ঘোষণা করেন। সেইসঙ্গে দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের শিশু ছেলেসহ দু’জন গুরুতর অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছে।
তবে, লিখিত অভিযোগ পেলে তারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ওসি।