ফারুককে সতর্ক করলো বিএনপি

ফন্ট সাইজ:

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’-বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্যের কারণে তাকে সতর্ক করেছে বিএনপি। বুধবার বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে সূত্রটি জানায়। গত ৯ই মার্চ জাতীয় প্রেস ক্লাবে বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়নুল আবদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘কে এমপি বা মন্ত্রী হবেন-সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয় ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, ইনশাআল্লাহ। এমন বক্তব্যের পরেই জয়নুল আবদিন ফারুককে সতর্ক করলো বিএনপি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন